সবসময় ডেস্ক :::সিলেটের জকিগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার মানিকপুর ইউনিয়নের খাসেরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান দমন এবং অপরাধীদের গ্রেপ্তারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জকিগঞ্জ থানার একটি আভিযানিক দল খাসেরা গ্রামের আব্দুল কাদিরের বাড়ির সামনের সড়কে অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তির কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— কানাইঘাট উপজেলার দিঘীরপার ইউনিয়নের কুওরের মাটি গ্রামের মিছবাহ উদ্দিনের ছেলে রেদুয়ানুজ্জামান ওরফে বাবু (২৪) এবং একই উপজেলার রাজপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. কামরুল ইসলাম (৩৬)।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জকিগঞ্জ থানায় মামলা (নং-১৪, তারিখ: ২৯ জুন ২০২৬) দায়ের করা হয়েছে। তিনি বলেন, জেলায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply