সবসময় ডেস্ক :::সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদকাসক্ত ছেলের নির্যাতন থেকে পরিবারকে রক্ষা ও নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছনে এক বাবা।
রোববার (৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পাটলী ইউনিয়নের নন্দীরগাঁও গ্রামের বাসিন্দা বাবুল মিয়া ইউএনওর কার্যালয়ে উপস্থিত হয়ে ছেলে কামরান মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ দাখিল করেন।
অভিযোগে বলা হয়, কামরান মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই বাড়িতে ভাঙচুর করেন এবং মা-বাবাসহ পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। টাকা না পেলে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী বাবুল মিয়া বলেন, ‘আমার আর কিছু করার নেই, আমার ছেলে আমার সব সর্বনাশ করে দিয়েছে। বাড়িতে ভাঙচুর করে, আমাদেরকে মারধর করে। নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়েছি।’ ছেলেকে আইনের আওতায় এনে মাদকের অভিশাপ থেকে মুক্ত করার পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, মাদকের এমন ভয়াবহতায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। এ অবস্থায় মাদকাসক্ত যুবকের কঠোর শাস্তি ও এলাকায় মাদক নির্মূলে প্রশাসনের কঠোর নজরদারির ও হস্তক্ষেপের দাবি জানান তারা।
Leave a Reply