পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। দীর্ঘদিন ধরে চলা এই লড়াইয়ের মধ্যে নতুন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে এই অভিনেত্রীকে। মাস তিনেক আগে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট ধরা পড়েছে তার; আক্রান্ত হয়েছেন ওভারিয়ান ক্যানসারে।
রোববার (২৩ আগস্ট) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের বর্তমান চিকিৎসা, শারীরিক অবস্থা ও মানসিক প্রস্তুতির কথা জানিয়েছেন সামিয়া।
পোস্টে সামিয়া জানান, তিন মাস আগে পরীক্ষা করে তার শরীরে দ্বিতীয় ম্যালিগন্যান্ট শনাক্ত করে চিকিৎসকরা। পরে দ্রুত অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। ফলে বর্তমানে তাকে কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে।
এবারের অভিজ্ঞতা তাই তার কাছে একটু অন্যরকম বলে পোস্টে জানান সামিয়া। তিনি জানান, গত পাঁচ বছর ধরে ক্যানসারের সাথে লড়াই করছেন। প্রথমবার কেমো নিতে হয়নি, ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলেছিল।
কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে চিকিৎসকরা সতর্ক করলেও তা নিয়ে মন খারাপ না করে বরং মানসিকভাবে প্রস্তুত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চুল পড়ে যাওয়ার আগেই নিজের নতুন হেয়ারকাট করিয়ে সেই লুক উদযাপন করেছেন এবং নিজেকে মানসিকভাবে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন।
নিজের এই অভিজ্ঞতার কথা জানিয়ে সামিয়া লেখেন, ‘ডাক্তার বলেছেন, কেমোর কারণে চুল পড়ে যেতে পারে। তাই বিষয়টাকে নিয়ে মন খারাপ না করে বরং স্পন্টেনিয়াসলি অ্যাকসেপ্ট করার সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু নিয়ে মন খারাপ করে তো লাভ নেই— সময়ের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করতে পারাটাই আসল।’
আরও পড়ুন
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের মার্চে নিজের ক্যানসারজয়ের গল্প প্রকাশ্যে এনেছিলেন সামিয়া আফরিন। তখন তিনি জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে চতুর্থ স্টেজের ক্যানসার শনাক্ত হয়। প্রায় দুই বছর দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন এবং পরবর্তীতে ক্যানসার আক্রান্ত রোগীদের সহায়তায় একটি ফাউন্ডেশন গড়ে তুলে কাজ শুরু করেন।