আপত্তিকর মন্তব্য করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। বিমানকে ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ বলে কটূক্তি করার অভিযোগে তার বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা করেছে বেসরকারি বিমান পরিসেবা সংস্থা ডিউনস অ্যাভিয়েশন।
জানা গেছে, ২০২৫ সালের ডিসেম্বরে ডিউনস অ্যাভিয়েশনের একটি সেসনা সাইটেশন সিজে২ বিমানে মুম্বাই থেকে জয়পুর যাচ্ছিলেন নোরা। ভ্রমণের সময় তিনি বিমানের ভেতরের কয়েকটি ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন।
কোম্পানিটির অভিযোগ, নোরার বিপুলসংখ্যক অনুসারী থাকায় তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে প্রতিষ্ঠানের সুনাম ও ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে বলে দাবি করেছে তারা।
এই কারণে তারা ক্ষতিপূরণ দাবির সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট সরিয়ে নেওয়া এবং প্রকাশ্যে একটি ব্যাখ্যা দেওয়ারও আবেদন করেছে।
গুজরাটের গান্ধীনগর আদালতে দায়ের হওয়া মামলাটি আগামী ২৫ সেপ্টেম্বর আদালতে উঠবে। নোরা ফাতেহির পক্ষ থেকেও মামলাটি নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।