সবসময় ডেস্ক :::সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তথ্য সংগ্রহ ও ছবি ধারণ করতে গিয়ে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব। একই সঙ্গে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের এক সভায় এ দাবি জানানো হয়।
ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনির পরিচালনায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি জহিরুল ইসলাম মিশু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান, তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. কামরুল আলম, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, কার্যকরী পরিষদের সদস্য মো. মশাহিদ আলী ও সৈয়দ রাসেল আহমদ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্ব পালন এবং তথ্য সংগ্রহের অধিকারকে বাধাগ্রস্ত করার শামিল। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানে দায়িত্ব পালনরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
রোগীর স্বজনদের ওপর হামলার ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে তাঁরা বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের বাধা দেওয়া কিংবা তাঁদের ওপর শারীরিক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রেসক্লাব নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি আহত সাংবাদিকদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি ধারণ করতে গেলে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার। এ ঘটনায় দুই সাংবাদিক রক্তাক্ত অবস্থায় আহত হন।