সারাদেশের বিভিন্ন সীমান্ত অস্থিতিশীল করে রেখেছে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী- বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। একই অবস্থা সিলেট সীমান্তেও। তবে কড় অবস্থানে আছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সদস্যরা। যেকোনো ধরনের পুশ-ইন ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে তারা।
রবিবার (৭ জুন) বিজিবি ৪৮ ব্যাটালিয়ন জানায়, পুশ-ইন ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে সিলেট সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি সীমান্ত এলাকায় টহল তৎপরতা বৃদ্ধি, চিহ্নিত রুটসমূহে স্ট্যান্ডবাই ডিউটি, নিজস্ব ও বেসামরিক গোয়েন্দা নজরদারি জোরদার, মাইকিং, গণসংযোগ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সঙ্গে মতবিনিময়য়ের মাধ্যমে সবাইকে সচেতন করা হচ্ছে। বিএসএফর অপতৎপরতা প্রতিরোধে পুশ-ইন প্রতিরোধমূলক কার্যক্রমে জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করা হয়েছে।
৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত বিজিবিকে তথ্য প্রদানের জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
Leave a Reply