শাহ আলম, গোয়াইনঘাট::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ বর্তমানে চেয়ারম্যানশূন্য অবস্থায় রয়েছে। এতে ব্যাহত হচ্ছে পরিষদের প্রশাসনিক ও নাগরিক সেবা কার্যক্রম। জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদসহ বিভিন্ন জরুরি সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের ১৭ হাজার ৬১৮ জন ভোটার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিনের আকস্মিক মৃত্যু হয়। এরপর থেকেই কার্যত অভিভাবকহীন হয়ে পড়ে পরিষদটি। নিয়ম অনুযায়ী প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার কথা থাকলেও ইউপি সদস্যদের মধ্যে মতবিরোধ ও অভ্যন্তরীণ জটিলতার কারণে এখনো দায়িত্ব হস্তান্তর করা সম্ভব হয়নি।
জানা যায়, ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলাম কিবরিয়া হেলাল চেয়ারম্যান নির্বাচিত হন। পরে পরিষদের সদস্যদের সর্বসম্মতিক্রমে আলিম উদ্দিনকে ১ম প্যানেল চেয়ারম্যান, ফারুক আহমদ বাবুলকে ২য় এবং প্রবাসী রাণীকে ৩য় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল অনুপস্থিত থাকায় ১ম প্যানেল চেয়ারম্যান হিসেবে আলিম উদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে হেলাল চেয়ারম্যান স্থায়ীভাবে বহিষ্কৃত হলে মৃত্যুর আগ পর্যন্ত আলিম উদ্দিনই দায়িত্বে ছিলেন।
চেয়ারম্যান না থাকায় পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা রিয়াজুল ইসলাম বলেন, জরুরি কাগজপত্র ও বিভিন্ন সনদের জন্য ইউনিয়ন পরিষদে গিয়ে সেবা পাওয়া যাচ্ছে না। প্রতিদিন মানুষ পরিষদে এসে ফিরে যাচ্ছেন। দ্রুত এ সমস্যার সমাধান প্রয়োজন।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বাক্ষর ও অনুমোদন ছাড়া অনেক গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ এবং সরকারি অনুদান বিতরণ করা যাচ্ছে না। দ্রুত দায়িত্ব হস্তান্তর না হলে নাগরিক ভোগান্তি আরও বাড়বে।
এদিকে ২য় প্যানেল চেয়ারম্যান ফারুক আহমদ বাবুল দায়িত্ব পাওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ১ম প্যানেল চেয়ারম্যান আলিম উদ্দিন দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুর পর নিয়ম অনুযায়ী ২য় প্যানেল চেয়ারম্যান হিসেবে তাঁর কাছেই দায়িত্ব হস্তান্তর করার কথা। কিন্তু এখনো তাঁকে দায়িত্ব দেওয়া হয়নি। জনগণের দুর্ভোগ বিবেচনায় দ্রুত দায়িত্ব হস্তান্তরের দাবি জানান তিনি।
অন্যদিকে ইউপি সদস্য মাসুক আহমদ বর্তমান প্যানেল বাতিল করে নতুন প্যানেল গঠনের দাবি জানিয়েছেন। তাঁর দাবি, আগের সরকারের আমলে গঠিত এই প্যানেল তারা প্রত্যাখ্যান করছেন। জনগণের সেবা নিশ্চিত করতে দ্রুত নতুন প্যানেল গঠন করে যোগ্য ব্যক্তির কাছে দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি। এ দাবিতে ইতোমধ্যে পরিষদের সাত সদস্যের স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রশাসন অবগত রয়েছে। সরকারি বিধিমালা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। নাগরিক সেবা সচল রাখা এবং জনগণের ভোগান্তি দূর করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।
চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে জটিলতার কারণে একদিকে পরিষদের কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। স্থানীয় সচেতন মহল দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়ে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ও নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।