পারভেজ আহমদ :::
রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে নগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সফরকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) প্রায় ১ হাজার ২০০ সদস্য দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে রাষ্ট্রপতির নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রবেশ ও বের হওয়ার পথ, অনুষ্ঠানস্থল এবং রাষ্ট্রপতির চলাচলের সম্ভাব্য রুটে বাড়ানো হয়েছে নজরদারি। ইতোমধ্যে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে এসএমপির বিশেষায়িত চারটি টিমও মাঠে থাকবে। এসব টিমের মধ্যে রয়েছে সিআরটি (ক্রাইসিস রেসপন্স টিম), বোমা ডিসপোজাল ইউনিট, ড্রোন টিম ও স্ট্রাইকিং টিম। প্রয়োজন অনুযায়ী এসব ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে।
নিরাপত্তার অংশ হিসেবে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত ১০৮টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। ক্যামেরার মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলের গতিবিধি নজরদারির আওতায় রাখা হবে। পাশাপাশি রাষ্ট্রপতির চলাচলের রুটে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নিরাপত্তা
রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনাকে বিশেষ নিরাপত্তার আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে সিটি কর্পোরেশনের সংবর্ধনাস্থল, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক, হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা, হযরত শাহপরান (রহ.) মাজার এলাকা, সার্কিট হাউসসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা।
এসব এলাকায় প্রবেশ ও চলাচলের ক্ষেত্রে বিশেষ নজরদারি থাকবে। অনুষ্ঠানস্থলের আশপাশেও থাকবে বাড়তি নিরাপত্তা। নিরাপত্তার স্বার্থে প্রয়োজন অনুযায়ী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও কিছু এলাকায় সাময়িকভাবে গতিপথ পরিবর্তন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ট্রাফিক ব্যবস্থাপনায় বাড়তি প্রস্তুতি
রাষ্ট্রপতির সফর ঘিরে নগরীর যান চলাচল স্বাভাবিক রাখতেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। এ জন্য প্রায় দুই হাজার ট্রাফিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির চলাচলের সময় গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলোতে ট্রাফিক পুলিশের বিশেষ টিম দায়িত্বে থাকবে।
একই সঙ্গে নগরীতে যাতে অযথা যানজট সৃষ্টি না হয়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করবেন।
হাসপাতালেও প্রস্তুতি
রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও বিশেষ চিকিৎসা ও জরুরি ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জরুরি প্রয়োজনে দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এদিকে সফরকে কেন্দ্র করে নগরীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে। চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি সন্দেহজনক গতিবিধির ওপর নজর রাখছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
‘নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে নগরী
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন বলেন, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন ইউনিটের সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হবে।
তিনি বলেন, সফর নির্বিঘ্ন করতে এসএমপির বিশেষায়িত বিভিন্ন টিম দায়িত্ব পালন করবে। নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও রাষ্ট্রপতির চলাচলের রুটে বিশেষ নজরদারি থাকবে।
তিনি আরও বলেন, ‘মোটামুটি সিলেট মহানগরী ওই দিন নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।’
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও যানবাহন ব্যবস্থাপনাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা রাখা হবে।
সব মিলিয়ে রাষ্ট্রপতির সফরকে ঘিরে সিলেট নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি যাতে কম হয়, সেদিকেও নজর রাখছে প্রশাসন।