উন্নত জীবন আর ভাগ্যের চাকা ঘোরানোর আশায় প্রবাসে যাওয়ার স্বপ্ন যেন এখন একেকটি পরিবারের কাছে কাল হয়ে দাঁড়িয়েছে। সেই স্বপ্নকে পুঁজি করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
কাঠগড়ায় সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে কর্মরত ম্যানপাওয়ার সার্ভে অফিসার মো. নজরুল ইসলাম।
দীর্ঘদিন সিলেটে কর্মরত থাকার সুবাদে স্থানীয় সাধারণ মানুষের সাথে এক ধরনের কৃত্রিম ঘনিষ্ঠতা গড়ে তোলেন নজরুল ইসলাম। নিজেকে মন্ত্রণালয়ের প্রভাবশালী কর্মকর্তা জাহির করে মানুষের মন জয় করাই ছিল তার প্রধান অস্ত্র। তার সেই মিষ্টি কথায় সরল বিশ্বাসে কোটি কোটি টাকা তুলে দিয়ে এখন নিঃস্ব ও দিশেহারা একের পর এক পরিবার।
গত মঙ্গলবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত শাহজালাল উপশহরস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সামনে অবস্থান নেন ভুক্তভোগীরা। কার্যালয়ের ফটকে দাঁড়িয়ে ক্ষোভে ফুঁসে ওঠা মানুষগুলো জানান, নজরুল ইসলাম প্রবাসে পাঠানোর রঙিন আশ্বাস দিয়ে তাদের উপার্জিত শেষ সম্বলটুকু হাতিয়ে নিয়েছেন।
ক্ষতিগ্রস্ত কামাল আহমদ তাপাদার আক্ষেপ করে জানান, তার পরিচিত কয়েকজনকে নিউজিল্যান্ডে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে নজরুল প্রায় ২৪ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু পরবর্তীতে হাতে পাওয়া ভিসা ভুয়া প্রমাণিত হলেই থলের বিড়াল বেরিয়ে আসে। পাওনা টাকা ফেরত চাইতে গেলে শুরু হয় নানামুখী তালবাহানা ও হুমকি-ধমকি। উপায় না পেয়ে অভিযুক্তের স্ত্রী এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের পরিচালকের কাছে নালিশ জানিয়েও মেলেনি কোনো প্রতিকার। সহায়-সম্বল হারিয়ে এখন পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।
প্রতারণার শিকার ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে জানান, নজরুল ইসলাম তাদের প্রবাসে পাঠানোর আশ্বাস দিয়ে বিপুল অঙ্কের টাকা পকেটে পুরেছেন।
সরকারি পদের সুযোগ নিয়ে নিরীহ মানুষের সরলতার সুযোগে এভাবে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় সিলেটে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ দ্রুত টাকা ফেরতের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সচেতন মহল ও সংশ্লিষ্টদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত প্রকৃত সত্য উন্মোচন করা হোক।
এ ব্যপারে সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের পরিচালক নাজমুস সাকিব সাংবাদিকদের জানান, আমার অফিসের সামনে কিছু লোক অবস্থান নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন। তিনি জানান, সেপ্টেম্বরেই নজরুল ইসলামের বিরুদ্ধে কিছু অভিযোগ তার কাছে আসে। তিনি সে অনুযায়ী তার সঙ্গে কথাও বলেছেন। যেহেতু এখানে মোটা অংকের টাকার ব্যপার সেহেতু এটি আমাদের করার কিছু নেই। আমরা তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব।
এদিকে ভুক্তভোগীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি