সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোবারক হোসেন। তার এ নিয়োগের খবরে সিলেটের আইনজীবী অঙ্গনসহ বিভিন্ন মহলে সন্তোষ ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এডভোকেট মোবারক হোসেন দীর্ঘদিন ধরে আইন পেশার সঙ্গে সম্পৃক্ত থেকে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। নতুন দায়িত্বে তার অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বিচার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সহকর্মী আইনজীবীরা।
নিয়োগের পর এডভোকেট মোবারক হোসেন এক প্রতিক্রিয়ায় বলেন, “সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি আরও বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বিচারপ্রার্থীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করাই হবে আমার প্রধান লক্ষ্য। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার ক্ষেত্রে আইন ও ন্যায়বিচারের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে দায়িত্ব পালন করতে চাই।
এডভোকেট মোবারক হোসেন তার নতুন দায়িত্ব পালনে সহকর্মী আইনজীবী, বিচারপ্রার্থী, আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ সবার সহযোগিতা কামনা করেছেন।
এদিকে তার নিয়োগে সিলেটের আইনজীবী মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে এডভোকেট মোবারক হোসেন সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।