মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘন ও প্রয়োজনীয় পরিবেশ ছাড়পত্র ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
শনিবার (২৩ মে) উপজেলার ভূনবীর চৌমুহনা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মো. মহিবুল্লাহ আকন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভূনবীর চৌমুহনা এলাকায় দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে দুটি প্রতিষ্ঠান অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানে পরিবেশ দূষণ এবং পরিবেশগত ছাড়পত্র না থাকার প্রমাণ পাওয়ায় ‘প্লাস্টিক ভাঙারি কারখানা’ এবং ‘শ্রীমঙ্গল ল্যাটেক্স কারখানা’, এই দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে।
Leave a Reply