জৈন্তাপুর প্রতিনিধি::: সিলেটের জৈন্তাপুর উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৭ জুন) জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সুনন্দা রায়ের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করে ৩টি পৃথক মামলায় সর্বমোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩ জন অপরাধীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অবৈধভাবে পাথর পরিবহনের দায়ে পাথরসহ একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধন), ২০১০ এবং ২০২৩ অনুযায়ী ৩টি মামলায় ৩ লাখ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে ২ জন অপরাধীকে ১ বছর করে কারাদণ্ড প্রদান করে আদালত।
উপজেলা নির্বাহী অফিসার মিজ সুনন্দা রায় জানান, উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধ এবং মাদক নির্মূল করে একটি অপরাধমুক্ত ও নিরাপদ জৈন্তাপুর গড়তে প্রশাসনের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
Leave a Reply