মঙ্গলবার (২৫ আগস্ট) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিসবাহ উদ্দিন সিরাজকে আটকের খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ে খোঁজ নেওয়া হলেও তাঁর আটকের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া খবরে বলা হচ্ছে, সোমবার (২৪ আগস্ট) ভোরে কয়েকজন দালালের সহায়তায় কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন মিসবাহ সিরাজ। এ সময় বিজিবি সদস্যরা তাঁকে আটক করেন বলে দাবি করা হয়। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য বা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘আমরাও বিভিন্ন মাধ্যমে এমন খবর পেয়েছি। বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করেছি। তবে এ ধরনের ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। আপাতত বিষয়টি গুজব বলেই মনে হচ্ছে। তারপরও আমরা খোঁজখবর নিচ্ছি।’
এদিকে মিসবাহ উদ্দিন সিরাজের পারিবারিক সূত্রও তাঁর আটকের খবরকে গুজব বলে দাবি করেছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিসবাহ উদ্দিন সিরাজ আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।