সবসময় ডেস্ক :::সুনামগঞ্জের বিশ্বখ্যাত পর্যটন কেন্দ্র টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন আব্দুল মাজেদ পিকলু (২৪) নামে এক পর্যটক।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজার ঘাটে হাউসবোট থেকে হাওরের পানিতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহীর শাহমখদুম উপজেলার মধ্যম ওদাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ১০ বন্ধুর একটি দল সুনামগঞ্জের হাওর ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পর্যটন নগরী তাহিরপুরে আসেন। তারা একটি হাউসবোট ভাড়া করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে বের হন। বৃহস্পতিবার সকালে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও মালামাল কেনার জন্য হাউসবোটটি লামাগাঁও বাজার ঘাটে নোঙর করা হয়।
হাউসবোটটি ঘাটে ভেড়ানোর পর দলের কয়েকজন সদস্য বাজারে যান। এসময় পিকলু নৌকার ছাদ থেকে গোসল করার উদ্দেশ্যে হাওরের পানিতে ঝাঁপ দেন। ঝাঁপ দেওয়ার পর দীর্ঘক্ষণ তিনি আর পানির উপরে ভেসে না ওঠায় নৌকায় থাকা বন্ধুরা আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও জেলেরা উদ্ধার কাজে নামেন। দীর্ঘ দেড় ঘণ্টার তল্লাশি শেষে তার নিথর দেহ উদ্ধার করে পাড়ে আনা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
হাওরে পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।