হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির স্বাক্ষরিত এক নির্দেশনায় চিকিৎসকদের সরকারি বিধি অনুযায়ী কর্মস্থলে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়।
নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টায় কর্মস্থলে উপস্থিত এবং দুপুর ২টা ৩০ মিনিটে কর্মস্থল ত্যাগ করতে হবে। একই সঙ্গে উপস্থিতি ও প্রস্থানের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতি ও প্রস্থানের তথ্য পর্যালোচনায় চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিয়ে অসঙ্গতি পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে নির্দেশনায়। এতে বলা হয়, সকাল সাড়ে ৯টার পর বহির্বিভাগে চিকিৎসকদের উপস্থিতির হার মাত্র ৪৮ শতাংশ, আর অন্তঃবিভাগে উপস্থিতির হার ৬৫ শতাংশ।
অন্যদিকে, নির্ধারিত সময়ের আগেই হাসপাতাল ত্যাগের চিত্র আরও উদ্বেগজনক। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, দুপুর আড়াইটার আগে বহির্বিভাগের ৯৬ শতাংশ এবং অন্তঃবিভাগের ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থল ত্যাগ করেন।
এমন পরিস্থিতিতে চিকিৎসকদের নির্ধারিত কর্মঘণ্টা যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, এটি প্রাথমিক সতর্কীকরণ। এরপরও উপস্থিতি ও প্রস্থানের ক্ষেত্রে অনিয়ম অব্যাহত থাকলে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতাল কর্তৃপক্ষের এ উদ্যোগের ফলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সময়ানুবর্তিতা, কর্মশৃঙ্খলা ও রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।