বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ পৌরশহরের পুরান বাজারের কলেজ রোডে অবস্থিত ডাকবাংলো ও তার আশপাশের এলাকায় একই স্থানে ও সময়ে দুটি পক্ষ পাশাপাশি সভা এবং সমাবেশ আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৭ অক্টোবর) বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্বনাথ উপজেলার কলেজ রোডের ডাকবাংলো ও তৎসংলগ্ন এলাকায় দুটি পক্ষ একই সময়ে সভা ডাকার কারণে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের (ওসি) পুলিশ প্রতিবেদন ও বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে জনস্বার্থ, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের সুরক্ষায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
১৪৪ ধারা মোতাবেক বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯ট হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডে অবস্থিত ডাকবাংলো এবং সংলগ্ন এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। লাঠি/অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। পাঁচ বা ততোধিক ব্যক্তির যেকোনো ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে।
উপজেলা প্রশাসন সতর্ক করে জানিয়েছে, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।