মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁওয়ে প্রায় তিনশ বছরের ঐতিহ্যবাহী ব্যতিক্রমী ‘লাল বর্ণের দুর্গা’ পূজাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো ভক্ত ও দর্শনার্থীর সমাগম নির্বিঘ্ন করতে সোমবার (১৯ অক্টোবর) সকালে ঐতিহাসিক পাঁচগাঁও সাধন সর্বানন্দ দাশ আরাধিত শ্রীশ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
সকাল সাড়ে ১০টায় মন্দির প্রাঙ্গণে পৌঁছে ডিআইজি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও আগত পুণ্যার্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার তদারকি করেন।
পরিদর্শনকালে সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে মন্দির ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উৎসবের শেষ দিন পর্যন্ত এই সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের এবং রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রূপক চন্দ্র দেব, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুবেল আহমদ রাসেল, পাঁচগাঁও ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন্ত দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, পাঁচগাঁওয়ের ঐতিহ্যবাহী এই লাল দুর্গা কেবল সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার নয়, এটি এই অঞ্চলের প্রায় তিন শতাব্দীর ইতিহাস, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক প্রতীক। দুর্লভ লাল প্রতিমার দর্শন পেতে প্রতি বছরই দেশের নানা প্রান্ত থেকে অগণিত দর্শনার্থীর ঢল নামে এখানে। পূজাকে কেন্দ্র করে মন্দির সংলগ্ন এলাকায় বসা গ্রামীণ মেলা পুরো জনপদে ব্যাপক উৎসবের আমেজ সৃষ্টি করেছে।