গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নে উৎসবমুখর ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা। শুক্রবার (১৩ নভেম্বর) আয়োজিত এ পরীক্ষায় ইউনিয়নের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
এবারের পরীক্ষার সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব আবুল কালাম আজাদ।
পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন আশরাফুল ইসলাম। অন্যদিকে, পরীক্ষা পরিদর্শকের দায়িত্ব পালন করেন সেবা ফাউন্ডেশনের সভাপতি জামাল আহমদ।
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন উচ্চবিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক হোসাইন আহমদ, ইসলামী দাখিল মাদ্রাসার সুপার শামসুল হুদা, শিক্ষানুরাগী মীর হোসেন সরকার, জয়নাল আবেদীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় অতিথিরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং পড়ালেখায় উৎসাহিত করতে মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও মেধাবী শিক্ষার্থী গড়ে উঠবে।
সংশ্লিষ্টরা জানান, সেবা ফাউন্ডেশনের এ উদ্যোগ স্থানীয় শিক্ষাঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করবে।
পাশাপাশি পরীক্ষার সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা করায় আলহাজ্ব আবুল কালাম আজাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আয়োজকরা।