মঙ্গলবার (১৮ আগস্ট) সিলেট নগরের হুমায়ুন চত্বরের স্লিপার বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ এবং বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আব্দুর রশিদের নেতৃত্বে যৌথভাবে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে লন্ডন এক্সপ্রেস, জেদ্দা পরিবহন, প্যারাডাইস এক্সপ্রেস, ইম্পেরিয়াল এক্সপ্রেস ও বেঙ্গল পরিবহনকে সরকারি নির্দেশনা অমান্য করে স্লিপার বাস পরিচালনার অপরাধে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
জেলা প্রশাসন জানায়, বিআরটিএ সদর কার্যালয় ও সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সড়ক ও মহাসড়কে চলাচলরত অননুমোদিত স্লিপার বাসসহ আইন লঙ্ঘনকারী মোটরযানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন জানিয়েছে, অননুমোদিত স্লিপার বাসের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।