মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ কারণে সারা দেশে বৃষ্টি কম হচ্ছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও গরম বাড়ছে। মঙ্গলবার ঢাকাসহ ২৫টি জেলা ছিল তাপপ্রবাহের কবলে। এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী জেলায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ছিল ৩৬ দশমিক ২।
বুধবার (১৬ সেপ্টেম্বর) তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
গতকাল সন্ধ্যায় আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এদিকে, আজ সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দুপুর ১টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।