গত সপ্তাহে ঘরের মাঠে প্রথম লেগে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৫-৪ গোলে জিতেছিল শিরোপাধারী পিএসজি। এবার বায়ার্নের মাঠে খেলা। তাই একেবারে সহজ হবে না সবকিছু। তাছাড়া ২০১৯-২০ মৌসুমের পর আর ফাইনালে ওঠা হয়নি বায়ার্নের। তাই এই অপেক্ষাও ঘোচাতে চায় জার্মান জায়ান্টনরা।
তবে প্রথম লেগে এগিয়ে থাকলেও কোন ঝুঁকি নিতে চান না গতবারের চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন কোচ লুইস এনরিক। প্রতিপক্ষকে সমীহ করেই জয়ের পরিকল্পনা সাজিয়েছেন তিনি। অনুশীলনে প্রস্তুত করেছেন শিষ্যদের। এনরিকের চোখে এটি হবে ‘টপ-ক্লাস ম্যাচ’। কেননা ব্যবধান মাত্র এক গোলের হওয়ায় ফাইনালে যেতে দু’দলের সামনেই থাকছে ভালো সুযোগ।
বায়ার্নের জন্য চ্যালেঞ্জটা কিছুটা কঠিন। থাকছে হোম ভেন্যুতে দর্শকদের প্রত্যাশার চাপ। তারপরও কোচ ভিনসেন্ট কোম্পানি আস্থা রাখছেন শিষ্যদের উপর। ফাইনালের পথে পিএসজি’র বাধা টপকাতে মুখিয়ে বায়ার্নের ফুটবলাররা। কোম্পানির অধীনে এরই মধ্যে বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করেছে বাভারিয়ানরা। সেই আত্মবিশ্বাসে চ্যাম্পিয়ন্স লিগেও সেরা সাফল্যের প্রত্যাশা তাদের।
এই ম্যাচের জয়ী দল আগামী ৩০ মে বুদাপেস্টে শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ হবে আর্সেনালের।
Leave a Reply