ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে বাংলাদেশ। রোববার (১০ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন ও সালমা খাতুন এই দল ঘোষণা করেন। প্রত্যাশিতভাবেই দলের নেত্বত্ব থাকছেন নিগার সুলতানা জ্যোতি এবং সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার।
বিশ্বকাপের এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক ডানহাতি ব্যাটার তাজ নেহারের অন্তর্ভুক্তি। লোয়ার অর্ডারে ব্যাটিং গভীরতা বাড়াতেই দীর্ঘ ১৫ মাস পর তাকে দলে ফিরিয়েছে বিসিবি। তাজ নেহারের আগমনে দল থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। এ ছাড়া নতুন মুখ হিসেবে বিশ্বমঞ্চে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস।
বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে আগামী ২৫ মে স্কটল্যান্ডের এডিনবরার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবেন টাইগ্রেসরা। এরপর লাফবরোতে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে অংশ নেবে দল। আগামী ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।
বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস ও তাজ নেহার।
Leave a Reply