দুইবার পিছিয়ে পড়েও রোমাঞ্চকর ফাইনালে মোহামেডানকে হারিয়ে এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দুর্দান্ত কামব্যাকে ৩-২ গোলের জয়ে ফের শিরোপা নিজেদের ঘরেই ধরে রাখল দলটি। এ নিয়ে চতুর্থ ট্রফি উঠল তাদের ঘরে।
বসুন্ধরার হ্যাটট্রিক শিরোপা জয়ের নায়ক দরিয়েলতন গোমেজ। দলের হ্যাটট্রিক শিরোপার মতো আজ ফাইনালে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
তবে ম্যাচের পঞ্চম মিনিটে পিছিয়ে পড়ে বসুন্ধরা।
ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ফ্রি কিকে মোহামেডানকে আনন্দে ভাসান মোজাফফর মোজাফফরভ। ডান প্রান্ত থেকে উজবেকিস্তানের মিডফিল্ডারের শটটি জালে জড়ানো দেখা ছাড়া আর কিছুই করার ছিল না বসুন্ধরার গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের।
ফিরতি মিনিটেই অবশ্য ঘুরে দাঁড়ানোর রসদ পায় বসুন্ধরা। মোহামেডানের গোলরক্ষক সুজন বল ধরতে গিয়ে স্যামুয়েলকে বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
বিরতিতে যাওয়ার ১০ মিনিট আগে অবশ্য ঠিকই দ্বিতীয়বার এগিয়ে যাওয়ার উদযাপন করে মোহামেডান। ৩৫ মিনিটে বক্সের মধ্যে থেকে গোলটি করেন সৌরভ দেওয়ান। সমতায় ফেরানোর সুযোগ সৃষ্টি করলেও পরে সেটা পারেনি বসুন্ধরা। তবে বিরতির পর পরেই সমতায় ফেরে তারা।
এবারও সমতায় ফেরানোর নায়ক দরিয়েলতন। ৫০ মিনিটে রাকিব হোসেন ডিফেন্স চেরা এক পাসে গোলরক্ষককে একা পেয়ে ঠান্ডা মাথায় বলকে জালে জড়ান তিনি।
এদিকে, ৭৯ মিনিটে মোহামেডানের আবারও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ করে দেন। প্রায় মাঝ মাঠে রিমনের পাস ধরে প্রতিপক্ষের শেষ ডিফেন্ডারকে দৌড়ে ছিটকে ফেলে বক্সে পরে যাওয়ার আগ মুহূর্তে আলতো টোকায় বলকে জালে জড়ান।
এরপর গায়ের জার্সি খুলে কিংবদন্তি উসাইন বোল্টের মতো দৌড় শুরু করলেন দরিয়েলতন। তবে উদযাপনের মূল আকর্ষণ দৌড় শেষেই ছিল। জার্সিটা মাটিতে রেখে তার চারপাশে দাঁড়িয়ে সতীর্থদের সঙ্গে গোল হয়ে উদযাপন করলেন তিনি। সেই উদযাপনের রেশ পরে ম্যাচ শেষেও রইল।
৩-২ গোলের জয়ে শিরোপা নিজেদের কাছেই রাখল বসুন্ধরা। ফেডারেশন কাপের আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও চ্যালেঞ্জ কাপ জিতেছে বসুন্ধরা।
Leave a Reply