বাংলাদেশের নারায়ণগঞ্জে লালন-পালন করা অ্যালবিনো মহিষটি এখন গোটা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় রসিকতা করে মহিষটির নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। এবার মহিষটির ছবি শেয়ার করে ট্রাম্পকে খোঁচা দিয়েছে ইরান।
রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এই মহিষটির একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে ক্যাপশনে রসিকতা করে লেখা হয়েছে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।’
ইরানি দূতাবাস তাদের ওই পোস্টে রুশ সংবাদমাধ্যম আরটির একটি প্রতিবেদন যুক্ত করে দিয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করার পর উৎসুক মানুষের ভিড়ের কারণে মহিষটি খাওয়া-দাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছে।
এদিকে মহিষটির মালিক ৩৮ বছর বয়সি জিয়া উদ্দিন মৃধা জানান, ঢাকার অদূরে নারায়ণগঞ্জে তার খামারে থাকা ৭০০ কেজি ওজনের মহিষটির এমন অদ্ভুত নামের পেছনে রয়েছে এটির মাথার চুল। তিনি বলেন, মহিষটির অসাধারণ চুলের স্টাইল দেখেই আমার ছোট ভাই এই নাম রেখেছে।
মৃধা আরও বলেন, মে মাসজুড়ে কৌতূহলী দর্শনার্থীদের ভিড় লেগেই আছে তার খামারে। সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারী, আশপাশের মানুষ ও শিশুরা ভিড় করছেন ইন্টারনেটে ভাইরাল হওয়া এ মহিষকে এক নজর দেখতে।
আগামী বৃহস্পতিবার মুসলিমরা তাদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশে। এই ঈদে ‘ডোনাল্ড ট্রাম্পকেও’ কোরবানি করা হবে।
চার বছর বয়সি এ গবাদিপশুকে এক বছর ধরে লালন-পালন করছেন জিয়া উদ্দিন। তিনি বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পকে মিস করব। তবে এটাই তো ঈদুল আজহার মূল শিক্ষা- ত্যাগ স্বীকার করা।
Leave a Reply