দীর্ঘ ১৩ বছর পর লা লিগায় ফিরছেন হোসে মরিনিয়ো। শনিবার এস্পানিওলের মাঠে নামার মধ্য দিয়ে স্প্যানিশ লিগে দ্বিতীয় মেয়াদের যাত্রা শুরু হবে পর্তুগিজ এই কোচের। এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের প্রথম মেয়াদে লা লিগা শিরোপা জিতেছিলেন মরিনিয়ো।
এবারও তার সামনে বড় লক্ষ্য। দুই মৌসুম ধরে বড় কোনো শিরোপা না পাওয়া রিয়ালকে সাফল্যের পথে ফেরানো এবং টানা দুই মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে টপকে স্পেনের সিংহাসন পুনরুদ্ধার করা।
মরিনিয়োর নতুন যাত্রার প্রথম পরীক্ষায় প্রতিপক্ষ এস্পানিওল। তবে শুরুতেই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচেই লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী শুরু করেছে কাতালান ক্লাবটি।
ঘরের মাঠে সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়েই রিয়ালের বিপক্ষে নামবে তারা। অন্যদিকে বিশ্বকাপের কারণে রিয়ালের একাধিক খেলোয়াড়ের বাড়তি বিশ্রামের প্রয়োজন হওয়ায় রিয়াল সোসিয়াদের বিপক্ষে প্রথম লিগ ম্যাচটি স্থগিত হয়েছিল। ফলে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ দিয়েই ২০২৬-২৭ মৌসুমের লা লিগা অভিযান শুরু করছে রিয়াল।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়ালের তারকাদের নিয়ে কথা বলেছেন মরিনিয়ো। ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়েন চুয়ামেনির মতো তারকাদের পাশাপাশি নতুন মুখ ইয়ানিক দিয়োমান্দেকেও নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন ‘দ্য স্পেশাল ওয়ান’।
মরিনিয়োর বার্তা অবশ্য পরিষ্কার। শুধু কথা বললেই হবে না, মাঠে পারফরম্যান্স দিয়ে নিজেদের প্রমাণ করতে হবে। তারকায় ঠাসা রিয়ালকে শিরোপার দৌড়ে রাখতে হলে হতাশায় ভেঙে না পড়ে ধৈর্য ধরে নিজেদের কাজ করে যেতে হবে বলেও সতর্ক করেছেন তিনি। দীর্ঘ ১৩ বছর পর লা লিগায় ফেরা মরিনিয়োর সামনে চ্যালেঞ্জ টানা দুই মৌসুমের ব্যর্থতা ফেলে শিরোপা পুনরুদ্ধার করা।