দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। এবার স্বচ্ছ ও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে বা জিরো কস্টে মালয়েশিয়ায় পাঠানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে। প্রথম দফায় নির্বাচিত কর্মীদের সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ ব্যবস্থায় মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।
আবেদন করবেন যেভাবে
মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সরকারি অনুমোদিত নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করা যাবে।
আবেদনের ক্ষেত্রে সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হতে পারে, বৈধ পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার তথ্য, নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার সনদ ও কর্মসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র।
মন্ত্রণালয় জানিয়েছে, কর্মী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এজন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে আবেদন না করে শুধুমাত্র সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
টাকা দেওয়ার আগে সতর্কতা
আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা দেওয়া, মেডিকেল পরীক্ষা করানো কিংবা পাসপোর্ট জমা না দেওয়ার জন্য আগ্রহী কর্মীদের সতর্ক করেছে মন্ত্রণালয়।
কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে হয়রানি বন্ধ, নিয়মিত বেতন-ভাতা, আবাসন ও চিকিৎসাসেবার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কর্মীদের যেকোনো অভিযোগ দ্রুত সমাধানে ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিস্তারিত নির্দেশনা এবং আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।