আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার কামব্যাক আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে রিহ্যাব চলাকালে পায়ে নতুন করে অস্বস্তি দেখা দেওয়ায় আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তার খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
রিহ্যাবে ধাপে ধাপে একাধিক ফিটনেস পরীক্ষায় সফল হচ্ছিলেন হার্দিক। এমনকি পুরোদমে বোলিংও করছিলেন তিনি। তবে সম্প্রতি পায়ে অস্বস্তি দেখা দেওয়ায় তাকে সাময়িকভাবে বোলিং থেকে বিরত থাকতে বলা হয়েছে।
শিগগিরই বোলিং শুরু করার কথা থাকলেও ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজের আগে প্রয়োজনীয় ফিটনেস ফিরে পাওয়া কঠিন হতে পারে।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, হার্দিক পুরোদমে বোলিং করছিলেন এবং কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু সম্প্রতি পায়ে ফের অস্বস্তির কারণে তাকে বোলিংয়ে বিরতি নিতে বলা হয়েছে।
ব্যাটিং ও মাঠে চলাফেরায় আপাতত বড় কোনো সমস্যা নেই হার্দিকের। তবে আন্তর্জাতিক ক্রিকেটের ধকল সামলানোর মতো পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
হার্দিক সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২৪ মে, আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ভারতের হয়ে তার সর্বশেষ ম্যাচ ছিল ৮ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।
এই চোটের কারণে আফগানিস্তান সিরিজের পাশাপাশি আসন্ন এশিয়ান গেমসেও তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যদিকে নীতীশ কুমার রেড্ডি ফিট হয়ে ওঠায় কিছুটা স্বস্তিতে ভারত। ওয়াশিংটন সুন্দরও সিরিজের আগে ম্যাচ ফিট হতে পারেন। তবে জশপ্রীত বুমরার খেলার সম্ভাবনাও কম।