স্টাফ রিপোর্ট ::: সড়ক দুর্ঘটনা হ্রাস এবং শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে সিলেটে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সিলেট সার্কেলের উদ্যোগে শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, উপশহর, সিলেটে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ৯০ জন ছাত্রী অংশ নেয়।
সেমিনারে শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে সড়ক পারাপারের নিয়ম, ট্রাফিক সাইন ও সিগন্যাল সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি মোটরসাইকেলে হেলমেট ও চার চাকার যানবাহনে সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। যানবাহনে চলাচলের সময় হাত ও মাথা বাইরে না রাখার বিষয়েও সতর্ক করা হয়।
আলোচনায় নিরাপদ সড়ক গঠনে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, আজকের সচেতন শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক। ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি অন্যদের সচেতন করতে পারলে সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
সেমিনারে উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেট বিভাগের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মো. ডালিম উদ্দীন, বিআরটিএ সিলেট সার্কেলের উপপরিচালক (অপারেশন) আবদুর রশিদ এবং শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মৌসুমী দেব।