ভিসা কার্যক্রমের সার্বিক কার্যপ্রণালী ও আবেদনকারীদের সেবা প্রদানের বিষয়টি খতিয়ে দেখতে সিলেটে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সিলেট নগরের রহিম টাওয়ারে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শনকালে তিনি কেন্দ্রের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং ভিসা আবেদন প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনের সময় সহকারী হাই কমিশনার আইভ্যাকের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি ভিসার জন্য আবেদন করতে আসা বিভিন্ন আবেদনকারীর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। এ সময় আবেদনকারীরা ভিসা আবেদন প্রক্রিয়ায় তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
অনিরুদ্ধ দাস আবেদনকারীদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং আইভ্যাক কর্মীরা কীভাবে আবেদনকারীদের সেবা প্রদান করছেন, সে বিষয়েও বিস্তারিত খোঁজ নেন। একই সঙ্গে ভিসা আবেদন গ্রহণ, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং আবেদনকারীদের সেবা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্টদের কার্যক্রম সম্পর্কে অবগত হন।
সংশ্লিষ্টরা জানান, সিলেটের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটি বাংলাদেশ ও ভারতের মধ্যে জনগণের পারস্পরিক যোগাযোগ ও যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চিকিৎসা, শিক্ষা, ব্যবসা, পর্যটনসহ বিভিন্ন প্রয়োজনে ভারতগামী বাংলাদেশি নাগরিকদের ভিসা সংক্রান্ত সেবা দিয়ে থাকে কেন্দ্রটি।
পরিদর্শনকালে ভিসা আবেদনকারীদের সেবার মান আরও উন্নত করা এবং আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের ভোগান্তি থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সহকারী হাই কমিশনারের এই পরিদর্শনকে কেন্দ্রটির নিয়মিত কার্যক্রম পর্যবেক্ষণ এবং আবেদনকারীদের সেবা আরও কার্যকর করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।