সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীতে গত সেপ্টেম্বরে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি ও দর্শনার্থীর সমাগম হয়েছে। এ সময়ে রওজা শরীফে নামাজ আদায়সহ বিভিন্ন সেবা নিয়েছেন লাখো মানুষ। দুই পবিত্র মসজিদের সেবা ও তত্ত্বাবধানবিষয়ক জেনারেল অথরিটি এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, এ সময়ে ১৪ লাখ ৪৯ হাজার ৭৯১ জন দর্শনার্থী রওজা শরীফে নামাজ আদায় করেছেন। এ ছাড়া, ৩ লাখ ৫৫ হাজার ১৩০ জন দর্শনার্থী পথনির্দেশনা সেবা এবং ২ লাখ ৮৭ হাজার ৮৮৬ জন অতিথি সেবাকেন্দ্রের সেবা নিয়েছেন।
এ সময়ে ৮১ হাজার ২৪৩ জন মসজিদে নববীর গ্রন্থাগার পরিদর্শন করেছেন। অন্যদিকে, মসজিদটির বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেছেন ১ লাখ ৩৭ হাজার ৮৬৭ জন।
কর্তৃপক্ষ জানায়, এসব পরিসংখ্যান দর্শনার্থীদের উন্নত মানের সেবা দেওয়ার চলমান প্রচেষ্টার প্রতিফলন। এর মাধ্যমে মুসল্লি ও দর্শনার্থীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি মসজিদে নববীতে শান্ত পরিবেশে নামাজ আদায়ের সুযোগ সহজ করা হচ্ছে।