বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বালাগঞ্জে দেশ মেডিকেয়ারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা চড় আলাউদ্দীন – হাসানকে ঘিরে সিন্ডিকেটের অভিযোগ, জিম্মি এনআইডি সেবা হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে মুখ চেপে অপহরণের চেষ্টা কূটনীতির নামে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ পেজেশকিয়ানের পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ : স্বরাষ্ট্রমন্ত্রী রিসোর্ট সিলগালা সীমান্তে রনজিতকাণ্ড , আটক ৪ ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা গাছে ঝুলছিল ভ্যানচালকের লাশ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় সর্বোচ্চ জোর সিসিক প্রশাসকের সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালান জব্দ জৈন্তাপুরে আ.লীগের ৩৯জনের নামে মামলা, গ্রেফতার ৩ শিরোপার স্বপ্নে বিভোর হামজা জেমস বন্ডের চরিত্রে হৃতিক রোশন? কৌশলগত বিভেদ যেখানে ঐক্যবদ্ধ প্রতিরোধ দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মাহাদীর রিভিশন আবেদন পুলিশ সুপারের কার্যালয়ে বিদ্যুতের তার চুরি আইজেনকট প্রধানমন্ত্রী হতে পারেন— ‘আতঙ্কে আছেন’ নেতানিয়াহু মিরপুরে তিন যাত্রীবাহী বাসে আগুন ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, আসতে পারে ৬টি শৈত্যপ্রবাহ নাশকতার আগুনে পুড়ছে জননিরাপত্তা রাতারগুলের রিসোর্টে রনজিতের সভা শনাক্ত গোয়াইনঘাটে ডিআই গাড়ি-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪ সিলেটে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০ জন হাতকড়াসহ নিষিদ্ধ আ’লীগ নেতা ছিনতাই: যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, পাল্টাপাল্টি ধাওয়া, অবরোধ–ভাঙচুর চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম শ্রীমঙ্গলে বারবার অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন সিলেট সীমান্তে ভারতীয় শটগান-গুলিসহ মাদক উদ্ধার
চড় আলাউদ্দীন – হাসানকে ঘিরে সিন্ডিকেটের অভিযোগ, জিম্মি এনআইডি সেবা

চড় আলাউদ্দীন – হাসানকে ঘিরে সিন্ডিকেটের অভিযোগ, জিম্মি এনআইডি সেবা

পারভেজ আহমদ :::

সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে সাধারণ নাগরিকদের হয়রানি, ফাইল নিষ্পত্তিতে অস্বাভাবিক দীর্ঘসূত্রতা এবং অনৈতিক লেনদেনের অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। বিনামূল্যে পাওয়ার কথা এমন নাগরিক সেবা পেতেও সেবাপ্রত্যাশীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি, দিনের পর দিন ফাইল আটকে রাখা এবং দালালদের মাধ্যমে কাজ করানোর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কেন্দ্রে উঠে এসেছে অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মো. হাসান আহমদ ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো.  আলাউদ্দীনের নাম।

 

ভুক্তভোগীদের অভিযোগ, একটি প্রভাবশালী চক্রের নিয়ন্ত্রণে পড়ে কার্যত বাধাগ্রস্ত হচ্ছে নির্বাচন অফিসের স্বাভাবিক সেবাব্যবস্থা। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েও নির্ধারিত সময়ে সেবা পাচ্ছেন না অনেকে। কারও ফাইল দিনের পর দিন পড়ে থাকছে, আবার কারও ক্ষেত্রে অতিরিক্ত অর্থের বিনিময়ে দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে। এমনকি কথিত চুক্তি অনুযায়ী টাকা পরিশোধের পরও নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না হওয়ার অভিযোগ রয়েছে।

 

সম্প্রতি এ কার্যালয়ের অনিয়ম, হয়রানি ও দালালনির্ভর সেবাব্যবস্থা নিয়ে সংবাদমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর নতুন করে সামনে আসতে শুরু করেছে নানা ঘটনা। অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি, সংবাদ প্রকাশ বন্ধে তৎপরতা এবং কথিত মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে।

সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের ‘ম্যানেজ’ করার তৎপরতা

অনুসন্ধান ও সংবাদ প্রকাশের পর থেকেই পত্রিকার কার্যালয়ে বিভিন্ন অচেনা নম্বর থেকে ফোন আসতে শুরু করে। ‘ইমন’ নামের এক ব্যক্তি নিজেকে সংশ্লিষ্ট মহলের সঙ্গে সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করে ইনিয়ে-বিনিয়ে বিষয়টি মীমাংসা এবং সাংবাদিকদের ‘ম্যানেজ’ করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

 

এ ছাড়া কথিত সিন্ডিকেটের একাধিক সদস্য বিভিন্ন নম্বর থেকে ফোন করে পরবর্তী সংবাদ প্রকাশ না করার জন্য চাপ প্রয়োগ করেন। কেউ দেখা করার আগ্রহ প্রকাশ করেন, কেউ আবার বিভিন্ন প্রস্তাবের মাধ্যমে সংবাদ প্রকাশ থেকে বিরত রাখার চেষ্টা করেন বলে জানা গেছে।

 

সাংবাদিকদের সঙ্গে এ ধরনের যোগাযোগের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। কোনো সরকারি দপ্তরের অনিয়মের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকদের কাছে কেন একের পর এক অচেনা নম্বর থেকে ফোন আসবে? কার স্বার্থ রক্ষায় সংবাদ প্রকাশ বন্ধের তৎপরতা? এসব প্রশ্নের উত্তরও এখন সামনে আসা প্রয়োজন।

 

অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য নেওয়ার উদ্যোগের মধ্যেই এমন যোগাযোগের ঘটনা ঘটায় পুরো বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।

টাকা দিয়েও মিলছে না নির্ধারিত সময়ে সেবা

ভুক্তভোগীদের ভাষ্য, এনআইডি সংশোধন, নতুন ভোটার নিবন্ধন, তথ্য হালনাগাদসহ বিভিন্ন সেবার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও তাদের বারবার অফিসে আসতে হচ্ছে। কখনো ফাইলের অগ্রগতি নেই, কখনো নতুন কাগজপত্রের কথা বলা হচ্ছে, আবার কখনো কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেওয়া হচ্ছে।

 

অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে দালালদের মাধ্যমে যোগাযোগ না করলে ফাইলের কাজ এগোতে চায় না। সরকারি নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ লেনদেনের অভিযোগও করেছেন সেবাপ্রত্যাশীরা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, অতিরিক্ত অর্থ দেওয়ার পরও অনেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।

 

নাগরিকদের প্রশ্ন, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সেবা নিতে গিয়ে কেন তাদের দালালের দ্বারস্থ হতে হবে? কেনই-বা নিজের পরিচয়পত্র সংশোধন বা প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করতে গিয়ে দিনের পর দিন অফিসের বারান্দায় ঘুরতে হবে?

 

এনআইডি শুধু একটি পরিচয়পত্র নয়; ব্যাংক হিসাব খোলা, জমি নিবন্ধন, পাসপোর্ট, সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা গ্রহণসহ অসংখ্য গুরুত্বপূর্ণ কাজে এর প্রয়োজন হয়। ফলে এই সেবাকে কেন্দ্র করে হয়রানি ও অনিয়মের অভিযোগ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও ভোগান্তি তৈরি করছে।

কর্মকর্তার বক্তব্য নিতে গিয়ে নতুন প্রশ্ন

অভিযোগের বিষয়ে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের বক্তব্য জানতে তাঁর ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁকে পাওয়া যায়নি।

 

পরে অফিসের ল্যান্ডলাইন নম্বরে যোগাযোগ করা হলে তাঁর ব্যক্তিগত সহকারী (পিএ) ফোন রিসিভ করেন। তিনি জানান, মো. আলাউদ্দীন মুঠোফোনে এ বিষয়ে কথা বলতে ইচ্ছুক নন। বক্তব্য নিতে হলে সরাসরি অফিসে যেতে হবে।

 

এ সময় প্রতিবেদকের নাম ও পরিচয় লিখে নেওয়া হয়। কিন্তু এর মাত্র পাঁচ মিনিটের মাথায় প্রতিবেদকের ব্যক্তিগত ফোনে একাধিক অচেনা নম্বর থেকে কল আসতে শুরু করে। কলদাতারা নিজেদের পরিচয় স্পষ্ট না করলেও জরুরি ভিত্তিতে দেখা করার তাগিদ দেন। একই সঙ্গে নির্বাচন অফিসে প্রতিবেদকের উপস্থিতির কারণ জানতে চান।

 

একটি সরকারি দপ্তরের কর্মকর্তার বক্তব্য নেওয়ার জন্য সাংবাদিক যোগাযোগ করার পরপরই কেন একাধিক অচেনা নম্বর থেকে ফোন আসবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এসব ফোনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার কার্যালয়ের কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

সরকারি ওয়েবসাইটের তথ্যেও অসংগতি

এদিকে নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত যোগাযোগসংক্রান্ত তথ্যেও অসংগতি দেখা গেছে। আঞ্চলিক নির্বাচন অফিসের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের জন্য দেওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, একাধিক কর্মকর্তার যোগাযোগের স্থানে একই ফোন নম্বর ব্যবহার করা হয়েছে, যা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের নম্বর হিসেবে উল্লেখ রয়েছে।

 

একটি সরকারি প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তার জন্য একই যোগাযোগ নম্বর ব্যবহারের বিষয়টি প্রশাসনিক স্বচ্ছতা, তথ্যের নির্ভুলতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি করেছে। নাগরিকদের প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ থাকা জরুরি। অথচ ওয়েবসাইটের তথ্যেই যদি এমন অসংগতি থাকে, তাহলে সেবাপ্রত্যাশীরা প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা পাবেন কীভাবে?

তদন্ত ও জবাবদিহি চান ভুক্তভোগীরা

সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসকে ঘিরে ওঠা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন সচেতন নাগরিক ও ভুক্তভোগীরা। তাঁদের মতে, অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা, ফাইল নিষ্পত্তির সময়, দালালদের সঙ্গে যোগাযোগ এবং সরকারি নির্ধারিত ফি ছাড়া অর্থ লেনদেনের বিষয়গুলো খতিয়ে দেখা প্রয়োজন।

 

বিশেষ করে ডাটা এন্ট্রি অপারেটর মো. হাসান আহমদ ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

 

একই সঙ্গে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরেজমিন তদন্ত, সেবাপ্রত্যাশীদের অভিযোগ গ্রহণের কার্যকর ব্যবস্থা এবং দালালদের দৌরাত্ম্য বন্ধে দৃশ্যমান পদক্ষেপ চান নাগরিকরা।

 

নাগরিকের মৌলিক পরিচয়সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সেবা কোনো ব্যক্তি বা চক্রের নিয়ন্ত্রণে থাকার কথা নয়। সরকারি সেবা পাওয়ার জন্য কাউকে অনৈতিক লেনদেনের আশ্রয় নিতে হলে কিংবা সাংবাদিকদের সংবাদ প্রকাশ বন্ধে চাপের মুখে পড়তে হলে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।

 

এখন দেখার বিষয়, সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসকে ঘিরে ওঠা এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয় এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করে কি না।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com