বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সিলেট সার্কেলের উদ্যোগে ২০২৬-২০২৭ সালের পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ১৫৪ জন পেশাজীবী গাড়িচালক অংশ নেন।
প্রশিক্ষণে ট্রাফিক সাইন, সিগন্যাল ও রোড মার্কিং সম্পর্কে চালকদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, উন্নত মানসিকতা গঠন, শিষ্টাচার ও নৈতিকতা বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, যানবাহনে ধূমপান ও মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, নিরাপদ সড়কের গুরুত্ব এবং সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেট বিভাগের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মো. ডালিম উদ্দীন, বিআরটিএ সিলেট সার্কেলের উপপরিচালক (অপারেশন) মো. আবদুর রশিদ, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আশরাফুজ্জামান (পিপিএম-সেবা), সিভিল সার্জনের কার্যালয় সিলেটের মেডিকেল অফিসার ডা. আবু সালমান মো. সাইফুল ইসলাম এবং বিআরটিএ সিলেট সার্কেলের মোটরযান পরিদর্শক সফীকুল ইসলাম রাসেল।