নিজস্ব প্রতিবেদক ::: সিলেটের জৈন্তাপুরে রাতভর অভিযান চালিয়ে সারি-২ নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত অবৈধ ‘বোমা মেশিন’ জব্দ করা হয়েছে। এ ঘটনায় নৌকার মালিককে ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার কামরাঙ্গী ফিসারিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নদীতে বালু উত্তোলনে ব্যবহৃত একটি অবৈধ ‘বোমা মেশিন’ জব্দ করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে মেশিন পরিচালনাকারী কাউকে পাওয়া যায়নি। পরে নৌকার মালিককে শনাক্ত করে তাকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এর আগে কামরাঙ্গী ফিসারিঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ‘বোমা মেশিন’ স্থাপনের অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ ছিল, মেশিন স্থাপনের আনুষঙ্গিক কাজ শেষ করে নদী থেকে বালু উত্তোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযোগের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ‘বোমা মেশিন’ জব্দ করা হয়েছে এবং নৌকার মালিককে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।