প্রতিষ্ঠার ২৯ বছর পর প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের ঘটনা ঘটেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক মা পুত্রসন্তানের জন্ম দেন। মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
সন্তান জন্ম দেওয়া ওই মায়ের নাম ডলি আক্তার (২৮)। তিনি উপজেলার টুকেরগাঁও গ্রামের আবুল বাশারের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, সিজারিয়ান অপারেশনে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান নয়ন, সহকারী সার্জন ডা. একরামুল হক, ডা. সাব্বির মুনতাকা পরাগ ও ডা. ফাতেহা রেজওয়ানাসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা।
নবজাতকের বাবা আবুল বাশার বলেন, ‘এই হাসপাতালে আমার স্ত্রীর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলেসন্তানের জন্ম হয়েছে। চিকিৎসকদের সহযোগিতায় আমার স্ত্রী ও সন্তান দুজনই সুস্থ রয়েছে। এতে আমরা খুবই আনন্দিত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান নয়ন বলেন, ১৯৯৭ সালে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়। কিন্তু প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির সংকটের কারণে এত দিন এ অঞ্চলের অনেক গর্ভবতী নারীকে সিজারিয়ান অপারেশনের জন্য সিলেট শহরে যেতে হতো। অবশেষে প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপির প্রচেষ্টায় হাসপাতালের জনবল সংকট ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব দূর করা সম্ভব হলে উপজেলাবাসী এখান থেকেই আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন। এতে স্থানীয় মানুষের চিকিৎসাসেবা গ্রহণ সহজ হবে এবং ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দীর্ঘদিনের অপেক্ষার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসক, জনবল ও আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করা গেলে কোম্পানীগঞ্জের মানুষকে প্রসূতিসেবার জন্য বারবার সিলেট শহরমুখী হতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।