সবসময় ডেস্ক :::সিলেটে জমি বিক্রয়ের অঙ্গীকার চুক্তি সম্পাদনের পর চুক্তিভুক্ত জমির পাশে স্থাপন করা সাইনবোর্ড খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় জমির চুক্তিবদ্ধ ক্রেতা শাহ মোঃ এমাদুল হক রাজন সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) দায়ের করা জিডিতে তিনি উল্লেখ করেন, সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন বাগবাড়ী মৌজায় ০.০৮৫০ একর জমি ক্রয়ের বিষয়ে বিক্রেতাদের সঙ্গে তাঁর অঙ্গীকার চুক্তি সম্পাদিত হয়। চুক্তির বিপরীতে তিনি পাঁচ লাখ টাকা ব্যাংক চেকের মাধ্যমে প্রদান করেন।
চুক্তি অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে বিক্রেতারা বাংলাদেশে উপস্থিত হয়ে আইনানুগভাবে জমির সাফ-কবলা দলিল রেজিস্ট্রি করে দেওয়ার কথা রয়েছে।
জিডিতে আরও উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর বিক্রেতাদের প্রতিনিধি সৈয়দ নোমানুর রশীদের মাধ্যমে জমিটি সরেজমিনে মাপজোক করে সীমানা নির্ধারণ ও ফিলার স্থাপন করা হয়। পাশাপাশি জমি বিক্রয়ের বিষয়টি সর্বসাধারণকে জানানোর জন্য জমির পাশে দেয়ালের নিকট একটি সাইনবোর্ড স্থাপন করা হয়।
কিন্তু গত ৩০ অক্টোবর বিকাল আনুমানিক পাঁচটা থেকে রাত নয়টার মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তিরা সাইনবোর্ডটি খুলে নিয়ে যায়। বিষয়টি পরে তাঁদের নজরে আসে।
জমি নিয়ে ভবিষ্যতে বিরোধ, দখলসংক্রান্ত জটিলতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবেদনকারী।
এ ঘটনায় প্রয়োজনীয় অনুসন্ধান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জিডিতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।
এয়ারপোর্ট থানায় দায়ের করা জিডির নম্বর ১৫৬১। তারিখ ৩১ অক্টোবর ২০২৬।