কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি।
আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি’র টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫৫ পিস শাড়ী, ৩৩৬০ প্যাকেট পাতার বিড়ি ও ৬৪ পিস নিভিয়া লোশন জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজারমূল্য ১১ লক্ষ ৩ হাজার ৮ শত টাকা।
এছাড়াও একই দিন ডোনা বিওপির একটি আভিযানিক টহলদল উপজেলার মিকিরপাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৪,০০০ পিস ভারতীয় সুপারি জব্দ করে এবং গতকাল শুক্রবার সোনাতনপুঞ্জি সীমান্ত এলাকায় আরেক অভিযানে সুরাইঘাট বিওপি ভারতীয় ৩৬০ কেজি জিরা ও ৭০ কেজি চা পাতা কেজি জব্দ করতে সক্ষম হয়। সবমিলিয়ে গত দুইদিনে কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় এসব অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি।
এবিষয়ে জকিগঞ্জ-১৯ বিজিবি মনিটরিং সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সীমান্তে সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে।
জব্দকৃত মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন এবং সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে