সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা ২৯ কার্টন বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধসামগ্রী জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বটতল গ্রামের মৃত লাল মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উছমান গনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই জগৎজ্যোতি ও পিএসআই অলিউল্লাহসহ পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় বাড়ির বারান্দায় রাখা ২৯ কার্টন ভারতীয় ওষুধসামগ্রী উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার তারুয়া কালা সাদেক গ্রামের ময়না মিয়ার ছেলে মাহমুদুল হাসান রাব্বি (২২) এবং বটতল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সারোয়ার জাহান (৩০)।
কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গনী জানান, অভিযানে দুইজনকে আটক করা হয়েছে এবং ২৯ কার্টন ওষুধসামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ওষুধসামগ্রীর সঠিক মূল্য এখনো নির্ধারণ করা হয়নি। পরবর্তী সময়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মূল্যসহ বিস্তারিত তথ্য জানানো হবে।