কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে শাহাব উদ্দিন নামের এক সিএনজি চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত শাহাব উদ্দিন উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুনারতনপুঞ্জি গ্রামের মৃত মুদরিছ আলীর পুত্র।
একাধিক সূত্রে জানা যায় প্রায় ৩ মাস পূর্বে স্থানীয় সুরইঘাট বাজার সিএনজি স্ট্যান্ডে শাহাব উদ্দিনের ভাই এনাম উদ্দিনের সাথে একই গ্রামের মুজন আলীর পুত্র জাকারিয়া গংদের কথাকাটাকাটি নিয়ে মারামারি হয়। এরই জের ধরে আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে শাহাব উদ্দিন তার অটোরিক্সা (সিএনজি) গাড়ি চালিয়ে বাড়ি যাবার পথে সুনারতনপুঞ্জি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে সামতলা নামক স্থানে আসা মাত্র পূর্বে থেকে উৎপেতে থাকা একই গ্রামের অটোরিক্সা (সিএনজি) চালক জাকারিয়া তার ভাই ইয়াহিয়া ও শাহরিয়া সহ কয়েকজন মিলে দেশীয় ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়।
পরে স্থানীয় লোকজন আশংঙ্খাজনক অবস্থায় শাহাব উদ্দিনকে উদ্ধার করে প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শাহাব উদ্দিনের মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রæত কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানিয়েছেন তিনি পুলিশ নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছেন এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে বিভিন্ন এলাকায় পুলিশের একাধিক টিম সাড়াশি অভিযান শুরু করেছে। জিজ্ঞাসাবাদের জন্য মুজন আলী সহ দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে স্থানীয় একাধিক সূত্রে জানা যায় অটোরিক্সা (সিএনজি) গাড়ির সিরিয়াল নিয়ে প্রায় ৩ মাস পূর্বে স্থানীয় সুরইঘাট বাজার সিএনজি স্ট্যান্ডে তাদের মধ্যে মারামারি হয়। ঘটনাটি নিষ্পতির জন্য স্থানীয় শালিস বিচার প্রক্রিয়াধীন রয়েছে। বিচার প্রক্রিয়াধীন থাকা অবস্থায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।