গোয়াইনঘাট প্রতিনিধি:
এটি কোনো যুদ্ধবিধ্বস্ত এলাকার ছবি নয়, এটি সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপার বাজারের পশ্চিম পাশে উপরগ্রামের একটি সড়ক ও ব্রিজের বেহাল দশার চিত্র।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রিজটির মাঝখানে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। বেরিয়ে আছে রড, আর ঝুঁকি এড়াতে গর্তটি কোনো রকমে দুটি কাঠ দিয়ে আটকে রাখা হয়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন পরপরই সড়ক ও ব্রিজটিতে এ ধরনের সমস্যা দেখা দিচ্ছে। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীসহ প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বিশেষ করে জরুরি প্রয়োজনে রোগীদের যাতায়াত এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে ভোগান্তি বাড়ছে।
স্থানীয়দের দাবি, সাময়িকভাবে গর্ত বন্ধ করে নয়, বরং সড়ক ও ব্রিজটি স্থায়ীভাবে সংস্কার করতে হবে। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে যেকোনো সময় প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। দ্রুত ব্রিজটি পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামতকাজ সম্পন্ন করা এবং ভবিষ্যতে এ ধরনের সমস্যা রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।