বিশ্বকাপে অংশ নিতে না পারলেও ফুটবল উন্মাদনায় আবারও আলোচনায় বাংলাদেশ। ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতি দেশের ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আন্তর্জাতিক অঙ্গনেও নজর কাড়ছে। সেই ভালোবাসার প্রতিদান হিসেবে এবার বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক আলিসন বেকার।
জাপানের বিপক্ষে নাটকীয় জয় নিশ্চিত করার পর বাংলাদেশের এক টিভি চ্যানেলকে দেওয়া প্রতিক্রিয়ায় আলিসন বলেন, বাংলাদেশের সমর্থন সম্পর্কে তিনি অবগত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নানা ভিডিও দেখেছেন। তিনি বলেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য। আমি বেশ কিছু ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ দিতে চাই। ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে। ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।’
শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় ব্রাজিল। ম্যাচে একসময় পিছিয়ে পড়লেও কাসেমিরোর সমতাসূচক গোল দলকে লড়াইয়ে ফেরায়। পরে শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে কাসেমিরোও বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের অকুণ্ঠ সমর্থনের প্রশংসা করেন।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তির খেলোয়াড়দের ভালোবাসার প্রকাশ এবারই প্রথম নয়। এর আগে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও বাংলাদেশের প্রতি নিজের আবেগের কথা তুলে ধরেছিলেন। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেছিলেন, বাংলাদেশ সফরের অভিজ্ঞতা তার কাছে বিশেষ এবং দেশটির মানুষের ভালোবাসা তিনি কখনো ভুলবেন না।
Leave a Reply